রাজধানীর ভাষানটেকে একটি বাসায় অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জাকির (৪০), রানী বেগম (৩৫) এবং রিয়াদ (১৫)। চিকিত্সক জানিয়েছেন, তাদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। জাকিরের শরীরের ৫৮ শতাংশ, রানীর শরীরের ৩২ শতাংশ, রিয়াদের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টায় শ্যামল পল্লীর ঐ বাসায় হঠাত্ আগুন লাগে। এ সময় জাকির, তার স্ত্রী ও ছেলে রিয়াদ ঘরে ছিলেন। তিন জনই দগ্ধ হন। জাকির ও রানী তৈরি পোশাক কারখানার শ্রমিক। রিয়াদ কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা ছুটি থাকায় সে বাবা-মায়ের কাছে ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসলাইনের লিকেজ থেকে ঐ বাসায় অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
