জ্যাক মা দিলেন ৩ লাখ মাস্ক

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২৩:০১

চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা করোনা মোকাবিলায় ৩ লাখ মাস্ক পাঠিয়েছেন। গতকাল রবিবার জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা হিসেবে দ্বিতীয় চালানে ৩ লাখ মাস্ক (পিপিই মাস্ক) ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশে চীন দূতাবাসের উপমিশন প্রধান হুয়ালং ইয়ান জানান, জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা হিসেবে পাঠানো আরো ৩ লাখ মাস্ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ৩০ হাজার কিট দিয়েছে জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশন। গতকালের চালানটি একটি বিশেষ বিমানে ঢাকায় আসে। সম্প্রতি জ্যাক মা এক টুইটে জানান, এবার বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেওয়া হচ্ছে।             এশিয়ার কয়েকটি দেশে ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট ও ৩৬ হাজার নিরাপত্তা পোশাক ও ভেন্টিলেটর এবং থার্মোমিটার পাঠানো হবে। জ্যাক মা আরো জানান, চীনের প্রতিবেশী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে।