যশোরের মনিরামপুরের আলোচিত সেই নারী এসিল্যান্ড সাইয়েমা হাসানকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে একজন ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। একটি বেসরকারি ব্যাংকের ঐ কর্মকর্তাকে যাত্রাবাড়ী থেকে গ্রেফতারের পরই গতকাল রবিবার যশোরের মনিরামপুরে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সকালে জাফর আহমেদ নামে ঐ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মনিরামপুর থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করেন এসিল্যান্ড সাইয়েমা। ঐ মামলায় জাফরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে তিন বয়োজ্যেষ্ঠকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। যশোরের জেলা প্রশাসক ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছেন। বিসিএস ৩৪ ব্যাচের ঐ নারী কর্মকর্তাকে নিয়ে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা থেমে নেই, হচ্ছে নানা ট্রল। অনেকেই তার কঠোর শাস্তির দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে ঐ নারী কর্মকর্তাকে রীতিমতো ধর্ষণের হুমকি দিয়ে নতুন আলোচনায় এসেছেন ডাচবাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার জাফর আহমেদ। ফেসবুকে তিনি এক পোস্টে কমেন্ট করতে গিয়ে ঐ নারী কর্মকর্তাকে ধর্ষণের হুমকি দেন। তিনি লিখেছেন, ‘তাকে (এসিল্যান্ড) কোয়ারেন্টাইনে রেখে ধর্ষণ করে মেরে ফেলা উচিত।’ পাশাপাশি ইংরেজিতে তিনি কিছু অকথ্য ভাষা ব্যবহার করেন। একই সঙ্গে ঐ নারী এসিল্যান্ডকে নিশ্চিতভাবে উচ্চমানসম্পন্ন আওয়ামী সরকারি কর্মকর্তা বলেও দাবি করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান বলেন, অভিযুক্ত জাফর আহমেদকে যাত্রাবাড়ী এলাকা থেকে রবিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। এরপরই তাকে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার আদালতে তাকে নেওয়া হবে। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সাইয়েমা হাসান রবিবারই বাদী হয়ে যশোরের মনিরামপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। ঐ মামলায় জাফরকে গ্রেফতার দেখানো হবে।
