করোনা ভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার অর্ধলক্ষাধিক মানুষ রয়েছে চরম সংকটে। দিনমজুর, রিকশাচালক, রাজমিস্ত্রি, বিভিন্ন দোকানের কর্মচারীসহ খেটে খাওয়া মানুষ এ অবস্থায় রয়েছেন। গরিব, দুস্থ ও অসহায়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণ কাজ করছেন। তবে তাদের পাশাপাশি স্থানীয় বিত্তশালীদের এগিয়ে আসার জন্য এলাকাবাসী আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা প্রশাসন, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়াসহ জনপ্রতিনিধিগণ দুস্থদের মধ্যে চাল, ডাল, লবণ, তেল, আলু, সাবান, মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
