করোনা ভাইরাস সংক্রমণে বয়স্করা বেশি ঝুঁকিতে থাকায় দেশে সাজাপ্রাপ্ত সত্তরোর্ধ্ব ব্যক্তিদের মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এলডিপি সভাপতি ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব) অলি আহমদ। গতকাল রবিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের বেশির ভাগই বয়স্ক। বাংলাদেশে যারা মারা গেছেন তাদের কয়েক জনের বয়সও ৬০ বছরের বেশি। করোনা ভাইরাস সংক্রমণে বয়স্করা বেশি ঝুঁকিতে থাকায় বিভিন্ন দেশ কারাবন্দিদের মুক্তি দিচ্ছে। এলডিপি সভাপতি বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন ছিল সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে।
