ইত্তেফাক রিপোর্ট
চলমান সরকারি ছুটি চলাকালীন দেশের বিভিন্ন কাস্টমস হাউজের মাধ্যমে এতদিন ধরে সীমিত পরিসরে কার্যক্রম চলমান ছিল। এর আওতায় কেবল আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিত্সা ও অন্যান্য সেবাসামগ্রী শুল্কায়নের মাধ্যমে খালাস করার সুযোগ ছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ কার্যক্রম আরো বিস্তৃত করেছে। এখন থেকে আমদানিকৃত শিল্পের কাঁচামাল এবং সরকারি, বেসরকরি ও স্বায়ত্তশাসিত সংস্থার আমদানিকৃত পণ্যও শুল্কায়ন করে খালাস করা যাবে। গতকাল এনবিআরের শুল্ক বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমিত পরিসরে পণ্য শুল্কায়নের ফলে অনেক শিল্পের কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য খালাস করা যাচ্ছিল না। এ অবস্থায় বন্দরেও পণ্যের জট তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর এ আদেশ জারি করল। এনবিআরের শুল্ক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, সরকারি ছুটিতে শুল্কায়ন কার্যক্রম সীমিত পরিসরে চললেও শিল্পের কাঁচামালসহ আরো কিছু সংস্থার আমদানি পণ্যও শুল্কায়ন হবে। এতদিন এসব পণ্য ও কাঁচামাল শুল্কায়ন কার্যক্রমের আওতার বাইরে ছিল।
