স্বাস্থ্যকর্মীদের জন্য বিনা মূল্যে ২০ হাজার সুরক্ষা পোশাক দেবে বিজিএমইএ

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:০৩

ইত্তেফাক রিপোর্ট  

দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে চিকিত্সকসহ চিকিত্সা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষা পোশাক ও সরঞ্জামের (পিপিই) অভাবের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে এগিয়ে এসেছে অনেক ব্যক্তি, সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের জন্য বিনা মূল্যে ২০ হাজার পিপিই দেওয়ার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, এসব পিপিই পুরোপুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী না হলেও এর কাছাকাছি। এরই মধ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের কাছ থেকে এ পোশাকের অনুমোদন নেওয়া হয়েছে। শতভাগ পানিরোধী এসব পোশাক চিকিত্সাসেবার সঙ্গে যুক্ত অন্য কর্মীদের কিংবা অন্য রোগের চিকিত্সার সঙ্গে যুক্ত কর্মীরা ব্যবহার করতে পারবেন।