করোনা ভাইরাসের বিশ্বব্যাপী অনেক তারকা মারা গেছেন। এমন এই খবর এলো আবার। মারা গেলেন বিখ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। বাংলাদেশের দর্শকদের কাছে তিনি ‘কাইশ্যা’ হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাভাষায় ডাবিং করা তার অভিনীত বিভিন্ন কমেডি বেশ জনপ্রিয়তা পায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের একটি হাসপাতালে তিনি মারা যান এই তারকা। এর আগে গত ২০ মার্চ তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ২৩ মার্চ তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। তার মৃত্যুতে শোক জানিয়ে এক জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ও মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইউশোহাইড সোগা এক টুইটবার্তায় বলেন, আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের এখন ক্রান্তিকাল চলছে। আমাদের ছোঁয়াচে রোগ প্রতিরোধে আরও সচেতন হওয়া জরুরি।
কেন শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে ‘পাগলা ডিরেক্টর’ নামের একটি অপেশাদার অনলাইনভিত্তিক গ্রুপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক ডাবিং করে ফেসবুক এবং ইউটিউবে প্রচার করে। সেটি সব বয়সীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বাংলায় ডাবিং করা ‘জীবনটা বেদনা, কিছু ভালো লাগেনা’ সংলাপটি দারুণ জনপ্রিয় হয়েছিল।
