ধানের শীষসহ চার প্রার্থী একত্রিত হয়েও সব কেন্দ্রে এজেন্ট দিতে পারবে বলে মনে হয় না ---------------চৌধুরী লিটন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক, মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ প্রার্থী নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ধানের শীষসহ চার প্রার্থী একত্রিত হয়েও সব কেন্দ্রে এজেন্ট দিতে পারবে বলে মনে হয় না। বিএনপি জনগণের কাছে ভোট চায় না। ১০ লাখ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা এখন মুসলিমদের বিশ্ব নেত্রী ও কওমী মাদ্রাসা স্বীকৃতি দিয়ে কওমি জননী উপাধি লাভ করেছেন।

গত বুধবার সকালে নিলখী ও বিকালে শিরুয়াইল ইউনিয়নে দুইটি পথসভায় তিনি এসব কথা বলেন।

দুপুরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরীর বাবা সিরাজুল হক চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে অংশগ্রহণ করেন নূর-ই-আলম চৌধুরী লিটন।

এ সময় মুনির চৌধুরী বলেন, নূর-ই-আলম চৌধুরী লিটন স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন ঘটান, যার জীবনের সবকিছু মিলে আছে শিবচরের উন্নয়নকে কেন্দ্র করে। পাঁচ বছর তিনি আমাদের জন্য অনেক করেছেন এখন সময় এসেছে তার ঋণ শোধ করার। তাই ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে দেশ সেরা ফলাফল দিয়ে দেশবাসীকে দেখাতে হবে।

অপরদিকে সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে নৌকার পক্ষে আওয়ামী লীগ প্রার্থী নূর-ই-আলম চৌধুরী লিটনের বড় মেয়ে সারাফ আনিকা চৌধুরী (রামিশা), পারিশা চৌধুরী, আরমিনা চৌধুরী, সুনয়না চৌধুরী, ছেলে রাইদ চৌধুরীসহ পরিবারের সদস্যরা নৌকার পক্ষে ভোট চান।