বামনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাপ্তাহিক হাট

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৩

করোনা ভাইরাস

বামনা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বামনা উপজেলা সদরের সাহেববাড়ী বাজারে সপ্তাহের প্রতি সোমবার হাট বসে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার হাটের দিনে করোনা ভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচামালের হাট বসে।

সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসার ব্যবস্থা করেন ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি।

হাটে আসা ক্রেতা কলাগাছিয়া গ্রামের মো. ফারুক আহম্মেদ আকন জানান, সাহেববাড়ী হাটটি সপ্তাহে এক দিন বসে। সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারায় আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। বিক্রেতা মো. সোবাহান বাহালী জানান, গত রবিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে হাট বসার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার সীমানা দিয়ে বিক্রয় করার জন্য আমাদের বসার ব্যবস্থা করে দেন। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতার কাছে বিক্রি করতে পারায় করোনা ভাইরাসের আতঙ্ক থেকে কিছুটা মুক্তি পেলাম।

স্থানীয় বামনা সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. চৌধুরী কামরুজ্জামান জানান, সাহেববাড়ী বাজারের নির্ধারিত স্থানে হাট না বসিয়ে সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসার ব্যবস্থা করি এবং গ্রামপুলিশদের পর্যবেক্ষণ করার জন্য নিয়োজিত করি।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান, বামনা একটি ছোট্ট উপজেলা, আর সদরস্থ শহরটিও ছোটো। এখানে সপ্তাহে একদিন হাট বসে, সাধারণ মানুষকে পুরো সপ্তাহের মাছ, মাংস, কাঁচামাল কিনে রাখতে হয় বিধায় সরকারি নির্দেশনা অনুযায়ী অন্যান্য দোকানপাট বন্ধ থাকলেও নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল ক্রয়-বিক্রয়ের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসার ব্যবস্থা করি। নৌবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে সার্বক্ষণিক হাট মনিটরিং করেছি।