মির্জাপুরে দিনমজুররা পাচ্ছে না সাহায্য

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৫

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে দিনমজুর ও নিম্নআয়ের মানুষরা। ফলে অর্থাভাবে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছে তারা। অন্যদিকে এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি সরকারি কোনো সহযোগিতা।

সোমবার উপজেলা সদরের কয়েকটি স্পটে গিয়ে দেখা গেছে কাজ না থাকায় ভ্যানগাড়ির ওপর শতাধিক দিনমজুর বসে রয়েছে। এ সময় তাদের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত এবং চরম হতাশা দেখা গেছে। এ সময় দিনমজুর মাসুদ (৪৫), রমজান (৫০) ও রাশেদ মিয়া (৪৫) জানান, দোকানপাটসহ যানবাহন বন্ধ করে দেওয়ায় ৮-৯ দিন ধরে কাজকর্ম একেবারে বন্ধ। পাচ্ছি না সরকারি ও ব্যক্তি উদ্যোগে কোনো সাহায্য সহযোগিতা। এখন পরিবার পরিজন নিয়ে কোথায় যামু কি খামু এই চিন্তায় আছি।

এ ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা তালিকা প্রস্তুত করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে।