কুমিল্লায় ধর্ষণ মামলায় দুই জন গ্রেফতার

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গৃহপরিচারিকা ধর্ষণ মামলার প্রধান আসামি আনিছ (২৮) ও তার সহযোগী জাবেদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিছ আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের সফিক সর্দারের ছেলে এবং তার সহযোগী জাবেদ একই গ্রামের হাসেম সর্দারের ছেলে।

কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সূত্রে খবর পেয়ে জাবেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে জাবেদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বলরামপুর এলাকা থেকে প্রধান আসামি আনিছকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত গত ২৬ মার্চ সন্ধ্যায় তারা এক গৃহপরিচারিকাকে ধর্ষণ করে। পরদিন ওই গৃহপরিচারিকার ভাই বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকে তারা পলাতক ছিল।