নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বাজার ও হোম কোয়ারেন্টাইন তদারকিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাসদস্যরা। সোমবার দিনভর উপজেলার দপ্তিয়র, ভাদ্রা, ধুবড়িয়া, সদর, মামুদনগর ইউনিয়নের বাজারগুলোতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের সঙ্গে ছুটে বেড়ায় সেনাবাহিনীর সদস্যরা। তারা জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, শিশু, নারী ও বৃদ্ধদের পারতপক্ষে ঘর থেকে বের না হতে দেওয়া, দোকানে কেনাকাটার সময় ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করেন।
এ সময় সেনাসদস্যরা জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া গাড়িগুলোতে জীবাণুনাশক স্প্রে করেন। পরে তারা বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের বাড়িতে গিয়ে হোমকোয়ারেন্টাইনে থাকার বিষয়টি তদারকি করেন।
এ সময় তারিন মসরুর সাংবাদিকদের জানান, নাগরপুরবাসীকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের নিজগৃহে অবস্থানের অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমরা সরকারের পক্ষ থেকে ছিন্নমূল ও কর্মহীন হয়ে পড়া জনসাধারণকে খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত রাখব।
