প রা ম র্শ

‘তরুণদের কঠোর পরিশ্রমী হতে হবে’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৩০

তারুণ্যই আমাদের দেশের অন্যতম শক্তি। তারুণ্যের জয়ধ্বনি সর্বত্রই। তারুণ্যকে কাজে লাগিয়ে নতুন কিছু করার মাধ্যমেই এগিয়ে যাওয়া যায়। তবে এ ক্ষেত্রে তরুণদের সংঘবদ্ধ হওয়াটা জরুরি। নেটওয়াকের্র মাধ্যমে পজিটিভ কিছু করার মধ্যে অন্যরকম আনন্দ আছে। এতে নিজেকে ভালো কিছুর সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেশের প্রথম শ্রেণির ক্যাবল কোম্পানিগুলোর মধ্যে আরআর ক্যাবলস লিমিটেড অন্যতম। আশফাকুর রহমান আরআর ক্যাবলসের পরিচালক হিসেবে কর্মরত। তারুণ্যের এগিয়ে যাওয়া ও ক্যারিয়ার গড়া প্রসঙ্গে তিনি কথা বলেন।

আমাদের দেশের তরুণ প্রজন্মের অনেক স্বপ্ন আছে। একজন তরুণ কীভাবে সুন্দর একটি ক্যারিয়ার গঠন করতে পারে? জানতে চাইলে আশফাকুর রহমান বলেন, ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। যে স্বপ্ন বাস্তবায়নের তাড়নায় ঘুমাতে দেয় না সেটিই প্রকৃত স্বপ্ন। এমন স্বপ্ন দেখুন, যেটা বাস্তবায়নের তাড়নায় ঘুমাতে দেয় না। যেকোনো কিছু করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। সাধারণ জ্ঞান থাকতে হবে। স্বপ্ন দেখার জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যেটাই করবে না কেন সততার সঙ্গে করতে হবে। সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমী হতে হবে। ভালো কিছু করার ইচ্ছে থাকতে হবে। সফল হবে কিনা জানি না তবে যেটাই করবে না কেন মনোযোগ দিয়ে করবে। আমি বেশ কয়েকটি ব্যবসা করেছি, কিন্তু সেগুলো পেশা হিসেবে নিতে পারেনি। তবে ক্যাবলস ব্যবসা পেশা হিসেবে নিয়েছি। যেকোনো ব্যবসা করার আগে ওই ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে। একদিনে সম্ভবও না। পর্যায়ক্রমে পরিকল্পনা করে কাজে অগ্রসর হতে হবে। ধৈর্য নিয়ে লেগে থাকাটা সঠিক সিদ্ধান্ত। গুণগত মানসম্মত পণ্য বাজারজাত করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টি প্রাধান্য দিতে হবে।’

ছাত্রজীবনে প্রতিটি শিক্ষার্থীর কোন কোন বিষয়ে সচেতন থাকা দরকার, প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে জিনিসটি পড়বে মনোযোগ সহকারে পড়তে হবে। আমরা যাই করি না কেন মুখস্থ না করে বুঝেশুনে পড়তে হবে। মুখস্থ করে পাস করবে কিন্তু জীবন পরীক্ষায় পাস করবে না। মানুষের মানবিকতা হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের ভবিষ্যত্ চিন্তা না করে কাজ করি। ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু করি না।

এ ছাড়া তরুণেরা ক্যারিয়ারের শুরুতে ভুল করে। ক্যারিয়ারের শুরুতে তরুণেরা যে ভুলগুলো করে অতিরিক্ত প্রত্যাশা, উচ্চ আকাঙ্ক্ষা। শহরকেন্দ্রিক কাজ করতে চায়। কষ্ট করতে চায় না। প্রতিনিয়ত শিখতে হবে। শেখার ইচ্ছে থাকতে হবে। প্রতিটি কাজ ভালোভাবে করতে হবে। কাজ সম্পর্কে গবেষণা করতে হবে। মাঠ পর্যায়ে কাজ করতে হবে। যেখানে কাজ করবে তার প্রতি ভালবাসা থাকতে হবে। ভালোবেসে কাজটি করতে হবে। সুসম্পর্ক থাকতে হবে সবার সঙ্গে, তাহলে কাজটি সুন্দরভাবে করতে পারবে। তরুণদের সবসময় সৃষ্টিশীল হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের চিন্তাধারাও পরিবর্তন করতে হবে।’