ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
সাধারণ ছুটি পেয়ে বিভিন্ন স্থান থেকে অনেক লোক দিনাজপুরের উপজেলায় ফিরেছেন। সরকারিভাবে তাদের বাসায় পৃথক থাকার নির্দেশনা দিলেও তা মানছে না অনেকেই। এতে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা ছড়িয়ে পড়ছে অন্যদের মধ্যে।
খয়েরবাড়ী বাজার কমিটির সভাপতি মো. এনামুল হক বলেন, ছুটি পেয়ে পার্শ্ববর্তী মধ্যমপাড়ায় অন্তত ১৫ থেকে ২০ জন লোক ঢাকা থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে নিজ খেয়ালখুশি মতো হাটবাজারে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মাধ্যমে গ্রামে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় পড়েছেন গ্রামবাসীসহ হাটবাজারের লোকজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসানুর হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন গ্রামে ফিরে আসায় ঝুঁকি তৈরি হয়েছে। একজনের মাধ্যমেই জীবাণু গ্রাম থেকে শহরে বিস্তার লাভ করতে পারে। এ কারণে গ্রামে ফিরে আসা লোকজনকে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, গ্রামে ফিরে আসা লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা কেউ না মানলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
