বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ শফিকুল ইসলাম মারা গেছে। ঘটনার চার দিন পর রবিবার রাতে সে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। সে উপজেলার তুলশিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ বেলা ১১টায় বাজারের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘মনির ওয়েল সেন্টার নামে’ একটি পেট্রোলের দোকানে আগুন লাগে। এ ঘটনায় পাশের দুইটি বাড়ি ও অপর একটি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, পুলিশ এবং ইউপি চেয়ারম্যানসহ ৪০ জন আহত হন। বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পেট্রোলের দোকানে আগুন লাগার ঘটনায় পুলিশের পক্ষ থেকে বাঘা থানায় একটি জিডি করা হয়েছে। দগ্ধ শফিকুল মারা যাবার কারণে জেলার রাজপাড়া থানায় সোমবার আরো একটি জিডি হবে।
