সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৪১

তারাগঞ্জে পঞ্চম দিনের মতো ছিটানো হয়েছে জীবাণুনাশক

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা ‘করোনা ভাইরাস’ সক্রমণ প্রতিরোধে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সোমবার পঞ্চম দিনের মতো জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এদিন উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক কাঁচাবাজার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়।  তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খতিবুর রহমান জানান, ‘আমরা গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল-বিকাল দুইবার জীবাণুনাশক স্প্রে করছি।’ তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকবে, ততদিন পর্যন্ত জীবাণুনাশক স্প্রে করা হবে।

সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী

বিতরণ অব্যাহত

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বানারীপাড়ার অসহায় পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামের নদীভাঙন ২৫টি পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লা সাদীদের নেতৃত্বে বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সাংবাদিক এস মিজানুল ইসলাম, রাহাদ সুমন, সাংবাদিক সৈয়দ নুরুজ্জামান পলাশ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

করোনার কারণে বেকারদের মধ্যে

ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি করোনার প্রভাবে বেকার ২৫০ পরিবারের মধ্যে সোমবার দুপুরে ত্রাণ বিতরণ করা হয়েছে। শহরের পাইকপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিত্সক ডা.  মো. আবু সাঈদ।

পঞ্চগড়ে খাদ্যসামগ্রী বিতরণ

কার্যক্রম শুরু

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলার পাঁচ উপজেলার ১ হাজার ৫০০ হতদরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে সোমবার খাদ্য বিতরণ শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে পাঁচ উপজেলার জন্য পাঁচটি পিকআপে করে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা করোনা ভাইরাসের কারণে পলাশ উপজেলার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন হতদরিদ্র পরিবারগুলো। এদের বিপদে ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়ালেন নরসিংদী-২ (পলাশ) এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। প্রথম পর্যায়ে সোমবার উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,  ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুল হক টিপু প্রমুখ। 

খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ইউএনও

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম খাদ্যসামগ্রীর বস্তা নিয়ে নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। সোমবার ঘোড়াঘাটে সরকারিভাবে ঐ খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম জানান, সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ৫০ হাজার টাকা ও ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। 

ব্যক্তি উদ্যোগে পিপিই বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে সোমবার ব্যক্তি উদ্যোগে সাংবাদিক ও চিকিত্সকদের মধ্যে পিপিই বিতরণ করা হয়েছে। উপজেলার গোবিন্দাসী গ্রামের শফিকুল ইসলাম বাবু করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দীন আহমেদ প্রমুখ।

কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সরকারিভাবে করোনা ভাইরাসের কারণে কর্মহীন লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরার বিভিন্ন এলাকায় সোমবার দিনব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় গণসচেতনতামূলক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপটেন ফেরদৌস, ক্যাপটেন তৌফিক প্রমুখ।

কর্মহীন অসহায় মানুষের পাশে ইউএনও

তানোর (রাজশাহী) সংবাদদাতা করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার তানোর বাজার, গোল্লাপাড়া বাজার, কালীগঞ্জ বাজার, চাঁন্দুড়িয়া বাজারসহ রাতৈল গ্রামে কর্মহীন অসহায় মানুষের কাছে তিনি সরকারি সহায়তা পৌঁছে দেন।

রাস্তায় জীবাণুনাশক স্প্রে

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা       করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরের সকল রাস্তা, ড্রেন, অফিস চত্বর ও দোকানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। সোমবার উপজেলা চত্বর থেকে এই কার্যক্রম শুরু হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বলেন, উপজেলার মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত রাখতে জীবাণনাশক স্প্রে কার্যক্রম চালু থাকবে।

পত্রিকার হকারদের মধ্যে ত্রাণ বিতরণ

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা হাজীগঞ্জে সোমবার সকালে পত্রিকার হকারদের মধ্যে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  বৈশাখী বড়ুয়া। হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডে স্থানীয় পত্রিকা হকারদের হাতে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, নুডুলস ও সাবান তুলে দেন ইউএনও। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মহীন অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীর আটটি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায়, দুঃস্থ ও গরীবদের মধ্যে সোমবার ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি এই ত্রাণ ইউপি চেয়ারম্যানদের প্রদত্ত তালিকা অনুযায়ী বিতরণ করা হয়েছে।