করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৪৩

ঢাকা জেলা প্রশাসন

ইত্তেফাক রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগে নেওয়া হয়েছে। গতকাল ঢাকা জেলা প্রশাসন মিরপুর রূপনগর বস্তিতে ২০০ পরিবার, মোহাম্মদপুর বাগবাড়ি বস্তিতে ৪০০ পরিবার এবং সবুজবাগ, কদমতলা, রাজারবাগে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি আলু বিতরণ করে। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তারা নগরীর বিভিন্ন স্থানে ভবঘুরে, রিকশাওয়ালা, দিনমজুর, রাজমিস্ত্রি, প্রতিবন্ধীসহ ৫০০ জন কর্মহীন ব্যক্তিদের মধ্যে এবং মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, হাতিরঝিল, ডেমরা, সদরঘাটসহ বিভিন্ন পয়েন্টে এ ত্রাণ বিতরণ করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে। 

অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের পুলিশ ও সাংবাদিকদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গতকাল  মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ও মানিকগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে এই পিপিই হস্তান্তর করেন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে হরিরামপুর উপজেলার লকডাউন ঘোষিত গ্রামের ১০০ দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এমপি নাঈমুর রহমান দুর্জয়

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় তার নিজস্ব তহবিল থেকে ডাক্তার, নার্স, প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকদের জন্য পিপিই  বিতরণ করেন।  দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় শনিবার দুপুরে এই পিপিই—গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝেও বিপুল পরিমাণ গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার নেহালপুর, জমদুয়ারা, তেওতাসহ কয়েকটি এলাকায় দুর্জয়ের পক্ষ থেকে মাস্ক, সাবান, গ্লাভস বিতরণ করেন উপজেলা কৃষকলীগ আহ্বায়ক অশিউর রহমান সিকো।

দোহার-নবাবগঞ্জ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল নিজ উদ্যোগে ৫০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও  টাকা প্রদান করেন উপজেলার মাধবপুর গ্রামের তরুণ সমাজ সেবক মো. মাহফুজুর রহমান তুষার। এ সময় তুষার সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

শিবালয়ে সহায়তা

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ‘শতদল’ নামে স্থানীয় একটি  সামাজিক সংগঠন দুস্থ পরিবারে ১০ কেজি চাল, ২ কেজি করে ময়দা-আলু, সয়াবিন, সাবান বিতরণ শুরু করেছে, যা ৪ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে বলে  সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত মাহমুদ খান জানান। এ ছাড়া, কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে হাতধোয়া পয়েন্ট তৈরি করা হয়েছে।

ছাত্রদল

তেজগাঁও রেল স্টেশন এবং হাতিরপুল এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহসভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ। স্বেচ্ছাসেবক দলও গতকাল দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে।

সোনারগাঁওয়ে যুবলীগ নেতা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের নিজস্ব অর্থায়নে এলাকার দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল ত্রাণ বিতরণকালে জাকির হোসেন বিত্তবানদের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।