করোনা সংকট নিরসনে সরকার ও গণমাধ্যম এক হয়ে কাজ করবে :তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট

করোনা সংকট নিরসনে সরকার ও গণমাধ্যম আরো ঘনিষ্ঠ হয়ে এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবনে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), সম্পাদক পরিষদ ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) ও এডিটরস গিল্ড বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

নোয়াবের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ কে আজাদ, নির্বাহী সদস্য মতিউর রহমান ও তারিক সুজাত। সম্পাদক পরিষদের পক্ষ থেকে ছিলেন সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক নঈম নিজাম। অ্যাটকোর পরিচালক ইকবাল সোবহান চৌধুরী, এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি ও অ্যাটকোর সিনিয়র সভাপতি মোজাম্মেল হক বাবু বৈঠকে অংশ নেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন বৈঠকে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বৈঠকে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কী করে সংকট নিরসন করা যায়। একই সঙ্গে আলোচনা হয় সরকার ও গণমাধ্যম যৌথভাবে কাজ করে কীভাবে সংকট মোকাবিলা করতে পারে। এই দুর্যোগ নিরসনে সরকার ও গণমাধ্যম একই সঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেঠকে উপস্থিত গণমাধ্যম নেতৃবৃন্দ সবাই এই সংকট নিরসনে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানান তথ্যমন্ত্রী। বিশেষ করে গুজব প্রতিকারে সকলে দৃঢ় ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংকটময় সময়ে বিভিন্ন গণমাধ্যমেও সংকট সৃষ্টি হয়েছে। বিশেষ করে পত্রিকাগুলোর সার্কুলেশন অর্ধেকে নেমে এসেছে। সংবাদকর্মী ও সংবাদ বিপণনকর্মী তথা হকাররা এ কারণে বড়ো সংকটে পড়েছে। টেলিভিশনগুলোতেও নানাবিধ সংকট সৃষ্টি হয়েছে। সেসব সংকট নিয়েও আলোচনা করা হয়েছে। এ সময় মন্ত্রী সরকারের পক্ষ থেকে করণীয় নিয়ে আলাপ করেন। গণমাধ্যমগুলো যেসব সরকারি বিল পাবে সেগুলো দ্রুত প্রদানের প্রতিশ্রুতিও দেন ড. হাছান মাহমুদ।