বেশি দামে পণ্য বিক্রি
ইত্তেফাক রিপোর্ট
বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে গতকাল সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে যাত্রাবাড়ীর মারুফ রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা, করিম রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা, দিদার রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা, হাকিমের আড়তকে ১ হাজার টাকা ও মতিঝিল থানার এজিবি কলোনির পাশে খাদ্য অধিদপ্তরের ওএমএসের চাল-আটা বিক্রিতে প্রতারণার অভিযোগে বাবুল শিকদারের ট্রাক সেলকে ২ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ড মাইকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং বেশি দামে এসব পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়। কেউ পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হট লাইনে ১৬১২১ অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানানো হয়। গতকাল অভিযানে স্বরাষ্ট্র, কৃষি, শিল্প ও খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সিটি করপোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন।
