ফোনে মিলছে স্বাস্থ্যসেবা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৪৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

ইত্তেফাক রিপোর্ট

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেল্পলাইনে ফোন করেই চিকিত্সা সেবা নিতে পারছেন রোগীরা। রোগীদের সুবিধার্থে হাসপাতা?লের বিভিন্ন বিভাগে হেল্পলাইনে চিকিত্সাসেবা চালু করা হয়েছে। করোনা ছাড়া অন্য রোগীরা জরুরি প্রয়োজনে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব হেল্পলাইনে ফোন করে সেবা নিতে পারবেন। রোগীরা যাতে হাসপাতালে না এসেও চিকিত্সাসেবা নিতে পারেন সেজন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। 

হেল্পলাইনগুলো হচ্ছে—মেডিসিন বিভাগ-০১৪০৬-৪২৬৪৩৭, ০১৪০৬-৪২৬৪৩৮। সার্জারি বিভাগ—০১৪০৬-৪২৬৪৩৯। নাক, কান, গলা বিভাগ-০১৪০৬-৪২৬৪৪০। বক্ষব্যাধি—০১৪০৬-৪২৬৪৪১। অবস অ্যান্ড গাইনি-০১৪০৬-৪২৬৪৪২। শিশু বিভাগ-০১৯৮৪-৫১৯৫২৫, ০১৯৫১-৮২০৮৪৩, এর মধ্যে শিশু বিভাগে গত দুই সপ্তাহ ধরে হেল্পলাইনের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হচ্ছে।

বহির্বিভাগের চিকিত্সাসেবা কার্যক্রম : বিএসএমএমইউ হাসপাতালের বহির্বিভাগে ইন্টার মেডিসিন বিভাগ, জেনারেল অবস অ্যান্ড গাইনি বিভাগ, জেনারেল পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ ও ডেন্টালের সব বিভাগের চিকিত্সাসেবা কার্যক্রম অব্যাহত আছে। অন্য সব বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের জন্য জরুরি চিকিত্সাসেবা কার্যক্রম চালু রয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

জ্বর সর্দি হাঁচি কাশির রোগীদের জন্য বেতার ভবনে পৃথক স্বাস্থ্যসেবার ব্যবস্থা : জ্বর, সর্দি, হাঁচি-কাশির রোগীদের জন্য শাহবাগে বাংলাদেশ বেতার ভবনের নিচ তলায় ‘ফিভার ক্লিনিক’ চালুর মাধ্যমে পৃথক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত এ ধরনের রোগীরা ফিভার ক্লিনিকে চিকিত্সাসেবা নিচ্ছেন।

জরুরি বিভাগের কার্যক্রম অব্যাহত : বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, কার্ডিওলজি, অবস অ্যান্ড গাইনি ও নবজাতক বিভাগে বিদম্যান জরুরি চিকিত্সাসেবা আগের মতো অব্যাহত রয়েছে।

করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব পরিদর্শন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রবিবার বাংলাদেশ বেতার ভবনের দ্বিতীয় তলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।