ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য প্রদান করেছেন। সাহায্য প্রদানকালে তিনি বলেন, ‘দেশে ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে। এর যাতে অনেক বেশি বিস্তার ঘটতে না পারে সেজন্য কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। তিনি আরো বলেন, ‘যে কোনো দুর্যোগ মানুষকে ক্ষতি করে থাকে। এজন্য আপনারা ভয় পাবেন না। যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে জনগণের পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় করোনা মোকাবিলা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আপনারা সরকারি নির্দেশ মেনে চলুন, সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।’
এমপি নিক্সন চৌধুরী বিভিন্ন এলাকায় নিজের গাড়িতে ঘুরে ঘুরে লোকজনের হাতে চাল, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সর্বদা অসহায় জনগণের পাশে দাঁড়াতে নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান প্রমুখ।
