করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহায়তার অংশ হিসেবে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
গতকাল রবিবার প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এ সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটি তুলে ধরেন।
গতকাল সোমবার বিকালে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা পরিদর্শন করেন লেফটেনেন্ট কর্নেল বদরুল হকের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ সদস্যের প্রতিনিধি দল ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. ইউনুস আলীর নেতৃত্বে তিন জন কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সিটি ও একটি ট্রেড সেন্টারে হবে এই ৫ হাজার শয্যার হাসপাতাল। কনভেনশন সিটিগুলোর মধ্যে সবচেয়ে বড়োটি ৩০ হাজার বর্গফুটের। বাকি তিনটি ২০ হাজার বর্গফুটের। আর ট্রেড সেন্টারের আয়তন ১ লাখ ৫০ হাজার বর্গফুট। এখনই উদ্যোগ নেওয়া হলে আগামী এক সপ্তাহের মধ্যে এগুলোকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে চালু করা সম্ভব হবে।—প্রেস বিজ্ঞপ্তি
