লোহাগাড়ায় মহাসড়কে ঘন ঘন ছিটানো হচ্ছে জীবাণুনাশক

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৫৪

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও সড়কের দুই পাশে ঘন ঘন ছিটানো হচ্ছে জীবাণুনাশক। গতকাল সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে ছিটানো হয় জীবাণুনাশক। পুলিশের জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি থেকে পদুয়া পর্যন্ত প্রায় ৬ হাজার লিটার জীবাণুনাশক ছিটানো হয়।

এছাড়া গত রবিবার লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জীবাণুনাশক ছিটানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ওয়াটার ভাউচারের মাধ্যমে পদুয়া থেকে চুনতি পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ৯ হাজার লিটার জীবাণুনাশক ছিটানো হয়েছে। পদুয়া থেকে চুনতি পর্যন্ত জীবাণুনাশক ছিটানো হয়।