বাঘায় এ বছর শীত মৌসুমে আগাম আলু চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন চাষিরা। বিশেষ করে উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলসহ সমতল এলাকার শত শত কৃষক এবার আলু চাষে ভালো দাম পাওয়ায় আলু চাষাবাদে আগ্রহী হচ্ছেন। তারা বলছেন, গত বছর আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় এ বছর অনেকেই আলু নিয়ে আতঙ্কে ছিলো। কিন্তু এবার বাজার মূল্য ভালো হওয়ায় সবাই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বাঘার চরাঞ্চলের কৃষক বাবলু দেওয়ান জানান, তিনি এ বছর পাঁচ বিঘা জমিতে আগাম আলু চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, এ বছর একদিকে যেমন আলুর বাজার ভালো অন্যদিকে ফলনও আশানুরূপ।
