ব্রিটেনের প্রিন্স হ্যারি ও মেগান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে চলে আসার খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের নিরাপত্তার পেছনে যুক্তরাষ্ট্র খরচ করবে না। তাদের নিরাপত্তার খরচ তাদেরকেই দিতে হবে। তবে প্রিন্স হ্যারি ও মেগান বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা খরচ চাওয়ার পরিকল্পনা তাদের নেই। খবর বিবিসির
এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি রানি দ্বিতীয় এলিজাবেথ এবং যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত। তবে তাদের অবশ্যই খরচ দিতে হবে। জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা কানাডা থেকে মেগানের বাড়ি ক্যালিফোর্নিয়ায় চলে এসেছেন। রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসাবে তারা আজ ৩১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন এবং রানির পক্ষে আর কোনো দায়িত্ব পালন করবেন না। তবে এক বছর পরে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। রবিবার হ্যারি-মেগান দম্পতির পক্ষে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার পরিকল্পনা নেই ডিউক ও ডাচেসের। ব্যক্তিগত অর্থে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভ্যাঙ্কুভার দ্বীপে ছয় মাস ক্রিসমাস অবসর কাটানোর পর এই দম্পতি এবং তাদের পুত্র আর্চি বছরের বেশির ভাগ সময় কাটিয়েছেন কানাডার ওয়েস্ট কোস্টে। গত মাসে কানাডার সরকার ঘোষণা করে, তাদের ‘স্ট্যাটাস’ পরিবর্তনের কারণে তারা নিরাপত্তা-সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন ট্রাম্পও একই রকম ব্যবস্থা নিলেন।
