বিদেশফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে সশস্ত্র বাহিনী

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২২:০৩

করোনা প্রতিরোধে কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ফোন করে বিদেশফেরতদের ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হচ্ছে। কোথাও কোথাও সশস্ত্র বাহিনীর সদস্যরা সরাসরি বিদেশফেরতদের বাড়িতে গিয়ে এ অনুরোধ করছেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ মার্চ করোনা প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য মাঠে নামে সশস্ত্র বাহিনী। ঐ দিন সারাদেশের বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে ডিসিদের সঙ্গে সমন্বয় সভা করেন সেনা কর্মকর্তারা। পরদিন ২৫ মার্চ থেকে সারাদেশে কাজ শুরু করে সশস্ত্র বাহিনী।

বিদেশফেরতদের ঘর থেকে বের না হওয়ার জন্য ফোন করার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক  লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ গণমাধ্যমকে বলেন, ‘বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সেনাবাহিনী কাজ করছে। জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ডাটাবেজ থেকে বিদেশফেরতদের ফোনে এবং কোথাও কোথাও বাড়ি বাড়ি গিয়ে তাদের অনুরোধ জানানো হচ্ছে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিস্কুট দেওয়া হয়। বিভিন্ন স্থানে ফুল দিয়ে মানুষকে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।’