সিলেট ওসমানী হাসপাতালে যন্ত্রপাতি, আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শুরু

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২২:০৫

করোনা পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি এসে পৌঁছেছে। হাসপাতালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের লাইব্রেরি কাম রিডিং রুমে এসব যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য অবকাঠামোগত কাজ করছে গণপূর্ত বিভাগ। গতকাল সোমবার ২৯টির মতো যন্ত্রপাতি হাসপাতালে এসে পৌঁছেছে। আগামী রবিবার বা সোমবার থেকে সিলেটে করোনা ভাইরাস পরীক্ষা সম্ভব হবে বলে জানান ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

এদিকে আইইডিসিআর করোনা ভাইরাস পরীক্ষার কাজ চালিয়ে যায়। বুধবার থেকে ঢাকায় আরো একাধিক প্রতিষ্ঠান ও ঢাকার বাইরের সাত জেলায় পিসিআরের মাধ্যমে করোনা পরীক্ষা শুরুর কথা বলা হয়। কিন্তু এই তালিকায় সিলেটের নাম না থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। অথচ সিলেট ওসামানী হাসপাতালে  পিসিআর থাকলেও ল্যাব ও প্রয়োজনীয় লোকবল না থাকায় এখানে করোনা ভাইরাস পরীক্ষা করা যাচ্ছিল না।

প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেটকে করোনা ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।  এ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য বিশেষায়িত ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

উপপরিচালক ডা. হিমাংশু বলেন, এই মেশিন স্থাপনের জন্য বায়ুরোধী কক্ষের প্রয়োজন। প্যাথলজিস্ট বিভাগের স্টাফদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ল্যাবে যারা কাজ করবেন তাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামও প্রদান করা হবে।