করোনা শনাক্তের মেশিন খুমেকে, আগামী সপ্তাহ থেকে পরীক্ষা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২২:০৬

করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) আনা হয়েছে। গতকাল সোমবার পিসিআর মেশিনটি খুমেকে এসে পৌঁছায়। মেডিক্যাল কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে। পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীদের রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘নমুনা সংগ্রহের পর পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করা হবে, যার ফলাফল এক দিনের মধ্যেই পাওয়া যাবে। মেশিনটি এরপর ইনস্টলের প্রক্রিয়ায় যাবে। আমরা আশা করছি, আগামী শনিবার থেকে পিসিআর মেশিন দিয়ে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।’ কিট প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা থেকে বিশেষজ্ঞরা আসার সময় কিট নিয়ে আসবেন। কিট ছাড়া তো করোনা ভাইরাস পরীক্ষাই করা যাবে না।’