করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী করণীয় নির্ধারণে ছয় মন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি প্রতিরোধে আজ মঙ্গলবার সকালে এই ছয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর দেশের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ডাক পাওয়া এই ছয় মন্ত্রী হলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৈঠকে এই ছয় মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত থাকবেন।
জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটির মেয়াদ ৪ এপ্রিলের পর আবারও বাড়ানো হবে কি না সে সম্পর্কেই ঐ সভায় আলোচনা হতে পারে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতেই ৬৪টি জেলার জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে।
