বদলগাছীতে যমুনা নদী যেন ফসল ফলানোর মাঠ!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

বদলগাছীতে ছোট যমুনা নদী তার যৌবন হারিয়ে যেন ফসল ফলানোর মাঠে পরিণত হয়েছে। নদীর বুক জুড়ে বোরো ধানসহ বিভিন্ন ফসল চাষ দিন দিন বৃদ্ধি পেয়ে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পূর্বাভাস দেখা দিয়েছে। বদলগাছী উপজেলার কোল ঘেঁষে প্রবাহিত ছোট যমুনা নদীতে বর্ষা মৌসুমে এক/দুই মাস জোয়ার থাকে। বিগত কয়েক বছর থেকে ছোট যমুনা নদী তার আপন সত্ত্বা হারিয়ে আগাম শুকিয়ে যাওয়ায় নদীর বুকে সাফল্যজনকভাবে বোরো ধানসহ বিভিন্ন ফসল করছে স্থানীয় ভূমিহীন কৃষকরা। অথচ এই যমুনাই ছিল এক সময় এই এলাকার মানুষের নৌকার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার অন্যতম নদী। বদলগাছীর উপর দিয়ে প্রবাহিত সেই খরস্রোতা ছোট যমুনা নদী শুধু বর্ষাকালে কয়েক দিনের জন্য ফুটে ওঠে। বাস্তব চিত্র এখন নদীর তলায় চাষাবাদ হচ্ছে।