করোনায় বিশ্বে মৃত্যু ৩৬ হাজার ছাড়াল

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০০:৫৮

বিশ্বে বিভিন্ন দেশে কড়া পদক্ষেপ সত্ত্বেও মৃত্যু ঠেকানো যাচ্ছেন না। প্রতিদিনই হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে। গতকাল ভয়াবহ করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ৭ লাখের বেশি এবং সুস্থ ১ লাখ ৬০ হাজারের বেশি। স্পেনে গতকালও আট শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কেও মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশঙ্কা করেছেন, আগামী দুই সপ্তাহে মৃত্যু সর্বোচ্চ হতে পারে। এদিকে করোনা ভাইরাসের উত্পত্তিস্থল উহানের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে ইতালিতে একদিনে আক্রান্ত সাড়ে ৪ হাজার এবং মৃত্যু ৮১২ জন বেড়েছে।

গতকাল পর্যন্ত বিশ্ব জুড়ে মারা গেছে ৩৬ হাজার ৯১২ জন। আক্রান্ত ৭ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন। এক দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের এক শীর্ষ বিজ্ঞানী সতর্ক করেন যে, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষ মারা যেতে পারে। এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘরে থাকার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন। এর আগে যেসব শহরে বা এলাকায় করোনা ভাইরাস মহামারি আকারে দেখা দেয়নি, অর্থনীতির কথা চিন্তা করে সেখান থেকে লকডাউন প্রত্যাহারের কথা বলেছিলেন। কিন্তু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং সতর্কতার মুখে নিজের অবস্থান থেকে ফিরে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে আগামী দুই সপ্তাহে করোনায় মৃত্যুহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তিনি মার্কিনিদের বলেন, আপনারা যত ভালোভাবে নিয়ম মেনে চলবেন তত দ্রুততার সঙ্গে আমরা এই পুরো ভীতিকর অবস্থা থেকে মুক্তি পাব। ট্রাম্প জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলবেন। যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত ১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং মারা গেছে আড়াই হাজারের বেশি। নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে ১ হাজার ২১৮ জনের এবং আক্রান্ত ৬৬ হাজারের বেশি। দেশটিতে সিবিএস সাংবাদিক ৫৪ বছর বয়সী মারিয়া মারকেডার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মার্কিন হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের জরুরি চিকিত্সায় দু’টি ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এসব ওষুধ ম্যালেরিয়ার চিকিত্সায় ব্যবহার করা হয়। সোমবার ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে এই অনুমোদন দেওয়া হয়।

মার্কিন বহুজাতিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বরে মানবদেহে কোভিড-১৯ টিকার পরীক্ষা চালাবে তারা। বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বিএআরডিএ) ও জনসন করোনার টিকা উদ্ভাবনে ১০০ কোটি ডলার বরাদ্দের অঙ্গীকার করেছে। জরুরি ভিত্তিতে ২০২১ সালের শুরুতে করোনা টিকা ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে।

শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপদেষ্টা ডোমিনিক কামিংস সেলফ আইসোলেশনে। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা কমছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যদিও দেশটিতে ২৪ ঘণ্টায় ১৮০ জন মারা যাওয়ায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৫ জনের। আক্রান্ত প্রায় ২০ হাজার। এদিকে করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন ব্রিটেনের প্রিন্স চার্লস। গতকাল গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে আসেন তিনি। তবে কোভিড-১৯ রোগে আক্রান্ত না হলেও গৃহবন্দি আছেন তার স্ত্রী ক্যামিলা ও ডাচেস অব কর্নওয়াল। গত ২৫ মার্চ ক্ল্যারেন্স হাউজ চার্লসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে।

স্পেনে করোনা ভাইরাসে মৃত্যু যেন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮১২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭ হাজার ৩৪০। আক্রান্ত ৮৫ হাজারের বেশি। ইরানে এক দিনে ১১৭ জনের মৃত্যুতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫৭ জনের।

ইতালিতে একদিনে আক্রান্ত সাড়ে ৪ হাজার বেড়ে ১ লাখ ছাড়িয়েছে। মৃত্যু একদিনে ৮১২ জন বেড়ে ১১ হাজার ৫৯১ জনে পৌঁছেছে। স্পেনে একদিনে মৃত্যু ৮ শতাধিক বেড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪০ জনে। ফ্রান্সে একদিনে মারা গেছে ৪১৮ জন। রাশিয়ায় দেড় হাজারের বেশি আক্রান্ত এবং ৯ জন মারা গেছে। মস্কো শহরে গতকাল থেকে লকডাউন চালু হয়েছে। পুরো রাশিয়ায় লকডাউন দিতে পারে প্রেসিডেন্ট পুতিনের সরকার।

করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা এখনই ভারত সরকারের নেই। গতকাল সরকারের মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা বলেন, আমি এ ধরনের মিডিয়া রিপোর্ট দেখে অবাক হচ্ছি। লকডাউনের সময়সীমা বাড়ানোর পরিকল্পনাই নেই। তিনি গতকাল আরো জানিয়েছেন, ভারতে এখনো গোষ্ঠী সংক্রমণ (কমিউনিটি ট্রান্সমিশন) হয়নি, স্থানীয় সংক্রমণের স্তরেই রয়েছে।

নিজের উপদেষ্টা আক্রান্ত হওয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন। সৌদি আরবে কোভিড-১৯ রোগীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। দেশটিতে ১ হাজার ৪৫৩ জন আক্রান্ত এবং ৮ জনের মৃত্যু হয়েছে। জাপানে করোনায় আক্রান্ত হয়ে কৌতুক অভিনেতা কেন শিমুরা মারা গেছেন।

জিম্বাবুয়েতে সাত জন আক্রান্ত এবং এক জনের মৃত্যু হওয়ায় গতকাল থেকে লকডাউন শুরু হয়েছে। এতে বিপদে পড়েছে সাধারণ শ্রমজীবী মানুষ। তারা বলছেন, ভাইরাসের আগেই ক্ষুধায় আমাদের মৃত্যু হবে। গত বছর চীনের উহান থেকে করোনা ভাইরাসের উত্পত্তি হয়েছিল। সেই শহরটি আবার স্বাভাবিক হতে শুরু করেছে। নাগরিকদের অনেকেই ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন, তবে সতর্কতার সঙ্গে। সূত্র : রয়টার্স, সিএনএন, আল জাজিরা ও ওয়ার্ল্ডোমিটার