গৌরীপুরে রেললাইন থেকে উদ্ধার শিশুর লাশের পরিচয় মিলেছে, বাবা-মা পলাতক

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২২:১১

ময়মনসিংহের গৌরীপুরে রেললাইনের পাশে পড়ে থাকা শিশুটির লাশের পরিচয় মিলেছে। শিশুটির নাম জান্নাতুল আক্তার জান্নাত। বয়স প্রায় দুই বছর ছয় মাস। গত ১৯ মার্চ সকালে গৌরীপুর-চট্টগ্রাম রেলপথের ২ নম্বর রেলক্রসিংয়ের সন্নিকটে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল মিয়া জানান, এ ঘটনায় গৌরীপুর থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে শিশুর লাশ গৌরীপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ফিরুজা খাতুন শিশুটির লাশের ছবি দেখে নিশ্চিত করেন—এটি জান্নাতের লাশের ছবি। জান্নাত তার ভাই বাবুল মিয়ার স্ত্রী রেজিয়া খাতুনের আগের স্বামীর সন্তান। ফিরুজা জানান, তার ভাই বাবুল কতগুলো বিয়ে করেছে তার হিসাব তিনি নিজেও জানেন না। রেজিয়া খাতুনকে বিয়ে করেছে ছয়-সাত মাস হয়। পরকীয়া প্রেমের টানেই এ সন্তানকে নিয়ে বাবুলের ঘরে এসেছে রেজিয়া। শিশুটির লাশ উদ্ধারের পর বাবুল মিয়া ও রেজিয়া  পালিয়েছে।