করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ত্যাগ করলেন ২৬৯ জন মার্কিন নাগরিক। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিশেষ এয়ারক্রাফটে তারা ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মার্কিন নাগরিকদের মধ্যে ঢাকায় মার্কিন দূতাবাসের কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছে। এছাড়া বেশ কিছু মার্কিন নাগরিকও রয়েছেন।
জানা যায়, মার্কিন নাগরিকরা নিজেদের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এভাবে ২৮টি দেশের প্রায় ১০ হাজার মার্কিন কূটনীতিক ও নাগরিকদের দেশে ফেরার ব্যবস্থা করেছে। গতকাল কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি দোহা হয়ে সরাসরি ওয়াশিংটন ডিসি যাবে। সহসাই মার্কিন নাগরিকদের জন্য আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
