রংপুর-৩ আসনে এরশাদের লাঙ্গল মার্কার নির্বাচনী শোডাউন ও সমাবেশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১০

রংপুর-৩ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাঙ্গল মার্কার সমর্থনে নগরীতে বৃহস্পতিবার বিশাল নির্বাচনী শোডাউন ও সমাবেশ হয়েছে।

রংপুর মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শোডাউনে মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকার জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এসে জমায়েত হন। বিকেলে নেতাকর্মী ও সমর্থকরা শোডাউন নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির ও সদর উপজেলা জাতয়ি পার্টির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে শোডাউনটি নগরীর শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির, সাংগঠনিক যূগ্ম সম্পাদক লোকমান হোসেন, উপাধ্যক্ষ মো. কাজল মাহবুব ফারুক, সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর জেলা মহিলা পার্টির আহবায়ক নাহিদ ইয়াসমিন, সদস্য সচিব ফেরদৌসী বেগম মালা, মহানগর মহিলা পার্টির যুগ্ম আহবায়ক জেসমিন বেগমসহ জাতীয় পার্টি রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সদর উপজেলার ৫টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।