নীলফামারী-৪ আসনে নেই বিএনপি প্রার্থী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১১

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাইকোর্টের চেম্বার আদালতের রায়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীশূন্য হয়ে পড়েছে। ফলে এ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের আর কোনো প্রার্থী রইল না। এ কারণে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের বিজয় প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া যায়। তবে বিএনপির স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করার কারণে সেখানে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার রিটার্নিং অফিসার বরাবরে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন।

নীলফামারী-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির দুই নেতাকে প্রার্থী হিসেবে চিঠি দেয়। তারা হচ্ছেন: বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সাধারণ সম্পাদক, পৌর মেয়র, সাবেক সাংসদ মোঃ আমজাদ হোসেন সরকার। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৮ নভেম্বর বিএনপি কেন্দ্রীয় নেত্রী বেবী নাজনীন ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন সরকার উভয়ে তাদের স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে বিএনপি প্রার্থী আমজাদ হোসেন সরকার রিটার্নিং অফিসারের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশনেও তার আবেদন বাতিল হয়ে যায়। এ অবস্থায় বিএনপি প্রার্থী আমজাদ হোসেন সরকার হাইকোর্টের রিট আবেদন করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান বিএনপি নেতা আমজাদ হোসেন সরকার। এ অবস্থায় সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন চূড়ান্ত দলীয় মনোনয়ন লাভ করে বিএনপির ধানের শীষ প্রতীক পান। এর পর থেকে তিনি (আমজাদ হোসেন সরকার) বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচার-প্রচারণা, সভা অব্যাহত রাখেন।

সর্বশেষ গত ২২ ডিসেম্বর বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুরে এসে বিএনপি প্রার্থী আমজাদ হোসেন সরকারের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। শহরের বিমানবন্দর সড়কে অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে ওই বিশাল নির্বাচনী সভার আয়োজন করা হয়। পরবর্তীতে হাইকোর্টের চেম্বার জজ আদালত গত ২৪ ডিসেম্বর বিএনপি প্রার্থী আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করেন। এতে করে নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী তার প্রার্থিতা হারান।