করোনা: চরভদ্রাসনে ভ্রাম্যমাণ বাজার চালু করলেন ইউএনও

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৭:৪৫

ফরিদপুরের চরভদ্রাসনে করোনার কারণে জনসাধারণকে বাজারে জমায়েত নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ বাজার চালু করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন সুলতানা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুটি পিকআপভ্যানে নিত্য প্রয়োজনীয় পণ্য উঠিয়ে ভ্রাম্যমাণ এ বাজারের উদ্বোধন করেন তিনি। 

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে মানুষের চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দিবে এ ভ্রাম্যমাণ বাজার। একই দিন দুপুরে বাজারের বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন খানম, থানা পরিদর্শক(তদন্ত) মো. আব্দুল গাফফার ও সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান। 

জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাব হতে মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে ইউএনওর নেতৃত্বে রাতদিন কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদেশ হতে আগতদের কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো, ভ্রাম্যমাণ বাজার, পিপিই, মাক্স বিতরণ ও বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

আরো পড়ুন: প্রাইভেটকার খালে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

এ ব্যাপারে মঙ্গলবার ইউএনও জেসমিন সুলতানা বলেন, সরকারি নির্দেশনা মেনে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। করোনার বিস্তার লাভের শুরুতেই আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি উন্নতমানের পিপিই প্রদান করি। এরপর আরও ৩৩টি পিপিই প্রদান করেছি। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা সহায়তা করে যাচ্ছি। প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে।

করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ইত্তেফাক/এএএম