রাণীনগরে নৌকার প্রার্থী ইসরাফিল আলমের সংবাদ সম্মেলন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনের বিএনপির প্রার্থী আলমগীর কবির নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী সাংসদ ইসরাফিল আলম। বৃহস্পতিবার দুপুরে রাণীনগর উপজেলা সদরের নিজ বাসভবন রাণীনগর হাউজে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ইসরাফিল আলম অভিযোগ করেন, ২০০১ থেকে ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে আলমগীর প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য থাকা অবস্থায় আত্রাই ও রাণীনগরকে একটি রক্তাক্ত জনপথে পরিণত করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় সে বাংলাভাইসহ বিভিন্ন জঙ্গি সংগঠন এ এলাকার ৭৬ জন মানুষকে হত্যা করে। শত শত মানুষ পঙ্গু হয়ে আজো দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। ফলে হাজার হাজার ভুক্তভোগী মানুষ তার প্রতি বিক্ষুব্ধ। ২০০৫ সালে আলমগীর কবির বিএনপি ত্যাগ করে বিকল্পধারায় যোগ দেওয়ার পর থেকে অনেকটা লোকান্তরিত হয়ে যান। এরপর থেকে গত ১২ বছর ধরে এলাকায় শান্তি বিরাজ করছিল। কিন্তু একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে তিনি আবারও বিএনপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলে এ এলাকা আবারো অশান্ত হয়ে উঠেছে।

আলমগীর বলেন, আমি মিথ্যা না সত্যি অভিযোগ করছি, তার দায়ভার আমি আমার নির্বাচনী এলাকার জনগণ ও আপনাদের (সাংবাদিক) ওপরেই দিতে চাই। আমার কোনো অভিযোগ ভিত্তিহীন কেউ তা প্রমাণ করে দেখাক। নির্বাচন বানচালের ষড়ষন্ত্রের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি কখনোই ষড়যন্ত্র করিনি। বরং আওয়ামী লীগের প্রার্থী একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে।