গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ড. কামালের পায়ের নিচে মাটি নেই। তিনি ’৭১ ও ’৭৫-এর খুনিদের ওপর ভর করে নেতা হয়েছেন। বিগত ২০০৮ সালের নির্বাচনে গণফোরাম ৪৫ আসনে প্রার্থী দিয়েছিলো। সে নির্বাচনে তার দল এসব আসনে ৭২৯১১ ভোট পেয়েছিলো। প্রতি আসনে গড়ে তারা ১ হাজার ৫শ’ ভোটও পায়নি। তিনি এখন নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীদের রক্ষায় ষড়যন্ত্র করছেন। তারা ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়। শেখ সেলিম আরো বলেন, ড. কামাল প্রধান নির্বাচন কমিশনারকে অযৌক্তিক কারণে পদত্যাগ করতে বলেছেন। তিনি বলেছেন, আপনার পুলিশ জানোয়ারের মতো আচরণ করছে। এটা কোনো ভদ্রলোকের আচরণ হতে পারে না।
গত বুধবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে এ জনসভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এফবিসিসিআইর সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈমসহ অনেকে।
