স্বাধীনতা বিরোধীদের ভোট দিলে শহীদ ও মা-বোনদের ইজ্জত কলঙ্কিত হবে -----আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বরিশাল-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আপনারা স্বাধীনতা বিরোধীদের দয়া করে ভোট দেবেন না।  তাদের ভোট দিলে পুনরায় স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়বে, স্বাধীনতার জন্য জীবনদানকারী সকল শহীদ ও মা-বোনদের ইজ্জত কলঙ্কিত হবে। ওরা ক্ষমতায় আসলে দেশে আবার হত্যা আর কু-রাজনীতি শুরু করবে, উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিন।

বুধবার সন্ধ্যায় উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন প্রমুখ।

সভা শেষে বার্থী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ফকরুল আলম মিয়া, বিএনপি নেতা ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মুনসুর হাওলাদার, তরিকুল ইসলাম দিপু, কবির উদ্দিন মাঝি, কেরামত মাঝি, এরশাদ আলী বেপারীসহ প্রায় ৪শ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।