মিছিল, সভা-সমাবেশ ও গণসংযোগে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের ভোটের মাঠ উত্তপ্ত হয়ে আছে। পাড়া-মহল্লায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম।
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের একচেটিয়া দখলে নেওয়া আসন কিশোরগঞ্জ-৬। জিল্লুর রহমানের জীবদ্দশায় একবার ও মৃত্যুর পর তারই একমাত্র ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন জয়ের ধারা অব্যাহত রেখে চলেছেন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতসহ এই আসনটি সাতবার দখলে নেয় আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি পায় আসনটি। এছাড়াও বিএনপি দু’বার দখলে নেয় আসনটি।
তাছাড়া একবার জাতীয় পার্টিও আসনটি দখলে নেয়। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুটি দল, আওয়ামী লীগ ও বিএনপিসহ পাঁচটি দলের মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ চায় জয়ের ধারা অব্যাহত রেখে দুর্গ রক্ষা করতে। আর বিএনপি চায় দুর্গ ভেঙে আসনটি পুনরুদ্ধার করতে। তাই নির্বাচনী মাঠে সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন তারা। দলীয় প্রতিশ্রুতি ও নিজেদের ক্লিন ইমেজ কাজে লাগিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।
