খুলনা অফিস খুলনা মহানগরীসহ জেলার ছয়টি আসনে জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীরা ১৪ দল সমর্থিত আওয়ামী লীগের প্রার্থীদের নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আ. মজিদ এবং সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদারের নেতৃত্বে জেলা জেপির নেতাকর্মীরা খুলনা-২ আসনের ১৪ দল সমর্থিত প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় প্রচারপত্র বিলি ও পথসভা করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে সেখ সালাউদ্দিন জুয়েলকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। পথসভায় বক্তব্য রাখেন জেপি নেতা আব্দুস সামাদ গাজী, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. এসএম জাকারিয়া, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন প্রমুখ। এছাড়া খুলনা জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা ১৪দল সমর্থিত খুলনা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাস এমপি, খুলনা-৩ আসনের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-৪ আসনের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৩ আসনের প্রার্থী মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং খুলনা-৬ আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাবুর নৌকা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন।
