সৈয়দপুরে আগুনে তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। গত বুধবার রাতে পৌর এলাকার পশ্চিম পাটোয়ারীপাড়া মনসুরের মোড় এলাকায় ওই আগুনের ঘটনাটি ঘটেছে। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক সোয়া সাতটার দিকে সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়া মনুসরের মোড় এলাকার বাসিন্দা মোঃ ওবায়দুল ইসলামের বাড়ি থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আর মুহূর্তের মধ্যে এ আগুন ওবায়দুল ইসলামের ভাই নুর হোসেন ও নুরুজ্জামানের বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় উল্লেখিত তিনটি পরিবারের বাড়ি-ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
ভয়াবহ আগুনের কবল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কোনো কিছুই রক্ষা পায়নি। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হয়। আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। বর্তমানে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তারা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এদিকে আগুনের খবর পেয়ে রাতেই সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া ঘটনাস্থলে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে একটি প্রতিবেদন তৈরি করা হয়। সেটি নীলফামারী জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।
