রাঙ্গামাটিতে সেনা অভিযান একে-২২ রাইফেলসহ ৩ জন আটক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:২১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (মূল দল) এর ৩ জন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।  আটককৃতরা হলো বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পাভেল তঞ্চংগ্যা (২২) এবং যতীন কান্তি তঞ্চংগ্যা (৪৮)। তাদের কাছ থেকে ১টি একে-২২ (অটোমেটিক রাইফেল), ৩ রাউন্ড এ্যামুনিশন ও ৪টি চাইনিজ চাকু উদ্ধার করা হয়। এই অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ রকম অভিযান অব্যাহত থাকবে। —আইএসপিআর