একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারছেন না। ফলে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভোট দিতে পারছেন না। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারাগারে রয়েছেন-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইত্তেফাককে বলেন, নিয়মানুযায়ী কারাবন্দি থাকায় বিএনপি চেয়ারপার্সন ভোট দিতে পারবেন না। তবে আদালত অনুমতি দিলে তিনি ভোটারাধিকার প্রয়োগ করতে পারবেন।
কারাবন্দিদের ভোট না দিতে পারার কারণ হিসাবে তিনি আরো বলেন, জেলখানার সাধারণত তিনশো আসনে বন্দিরা থাকেন। সেখানে নির্বাচন কমিশনের পক্ষে তিনশো আসনে ব্যালট এবং ব্যালট বাক্স পাঠানো সম্ভব নয়। আবার মাঝে মাঝে কারাবন্দিদের বিভিন্ন জেলখানায় বদলি করা হয়। তাছাড়া কারাবন্দিরা স্বাভাবিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের ভোট গ্রহণের কোন সুযোগ নেই।
