আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে অবিস্মরণীয় গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনে ইনশাআল্লাহ দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তথা মহাজোট বিজয়ী হবে। সারাদেশে বিজয়ের সুবাতাস পাওয়া যাচ্ছে। ৪৭ বছর পর আরেকটি বিজয় সূচিত হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জের বসুরহাট হাইস্কুল মাঠে সকালে ও বিকালে কবিরহাট জিরো পয়েন্টে দুটি নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে বিজয় এনে দিয়েছিলেন। আগামী ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবার আমরা সামপ্রদায়িক অপশক্তিকে আবারো পরাজিত করে বিজয় অর্জন করবো। জনগণের উদ্দেশে তিনি বলেন, আমি যেসব ওয়াদা করেছি, তা পূরণ করেছি। ওয়াদার বরখেলাপ করিনি। শুধু রাস্তা নয়, স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরেও উন্নয়ন করেছি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ঠাণ্ডা মাথায় তিনটি দিন অগ্রসর হবেন। কোন উস্কানির ফাঁদে পড়বেন না। আপনারাই হচ্ছেন আওয়ামী লীগের প্রাণশক্তি। আপনারা ৩০ ডিসেম্বর ভোট শুরু থেকে গণনা পর্যন্ত কেন্দ্রে থেকে কেন্দ্র রক্ষা করবেন।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতা মওদুদ আহমদ মাঠে নেই, তিনি আছেন মিডিয়ায়। তিনি কবিরহাট ও বসুরহাটে পথসভার করার ঘোষণা দিয়ে করেননি। তিনি বলছেন, তার নিরাপত্তা নেই। আসলে নিরাপত্তা তো কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে জনগণ তার সঙ্গে নেই। তিনি ঘরে বসে কোন চক্রান্ত করছেন কি না জানি না। আমি বলবো, মওদুদ ভাই ২০০১ সালের নির্বাচনে আপনি কেন্দ্র থেকে আমার স্ত্রীকে বের করে দিয়েছিলেন। আমার বৃদ্ধা মাকে আপনি ভোট কেন্দ্রে ঢুকতে দেননি। সে নির্বাচন আর এদেশে হবে না। দয়া করে মিথ্যাচার করবেন না।
এ দুটি বিশাল পথসভায় বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন্নাহার শিউলি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।
