বোন শেখ হাসিনার সম্মানে ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়েছি :এরশাদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৪

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বৃহস্পতিবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এরশাদ বলেন, আমার বোন শেখ হাসিনার জন্যই আমি দেশে ফিরে এসেছি। তার সম্মানে আমি ঢাকা-১৭ আসনটি ছেড়ে দিয়েছি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়েছি। তিনি বলেন, মহাজোটকে সমর্থন করবে জাতীয় পার্টি। মহাজোট যে সিদ্ধান্ত নেবে প্রার্থীদের তা মেনে নিতে হবে।

এরশাদ রংপুরের পাশাপাশি ঢাকা-১৭ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি সাতক্ষীরার একটি আসনেও প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ার পরও শতাধিক আসনে জোটের সিদ্ধান্তের বাইরে জাতীয় পার্টির প্রার্থী রাখার পর নানা গুঞ্জনের মধ্যে গত ১২ ডিসেম্বর চিকিত্সার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ১৫ দিন পর ভোটের তিন দিন আগে বুধবার রাতে দেশে ফেরেন তিনি।

মহাজোটের বাইরে আলাদা প্রার্থীদের বিষয়ে এরশাদ বলেন, মহাজোট মনোনীত যেসব প্রার্থী আছে, তারা ছাড়া অন্যদের সরে যেতে হবে। মহাজোটকে বিজয়ী করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এরশাদ বলেন, ‘মহাজোট সরকার উন্নয়নের রোল মডেল। এবারের নির্বাচনে মহাজোটই জিতবে। কারণ বিএনপির অতীত ইতিহাস ভালো না। নৌকা নয়, ধানের শীষ ঠেকাতে জাপার আলাদা প্রার্থী।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে এরশাদ বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কবি মানুষ, এ কারণে উল্টাপাল্টা বকছেন। লেভেল প্লেয়িং কী জিনিস? যারা লেভেল প্লেয়িং নিয়ে কথা বলছেন, তারা কি আদৌও এর অর্থ জানেন?’ সাংবাদিকদের তিনি জানান, ভোটের যে পরিবেশ বজায় রয়েছে, তাতে আমরা খুশি। একটি সুষ্ঠু নির্বাচন হবে। জাতীয় নির্বাচনে ঢাকায় জাতীয় পার্টির দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ। এদের জেতার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, আমি রংপুরে এতদিন যেতে পারিনি। তবে রংপুরে যাব। আশা করি রংপুরবাসী এবার এই আসনটি মহাজোটকে উপহার দেবে।