নালিতাবাড়ি সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় অবৈধভাবে পাহাড়ি টিলা কেটে ও জমি দখল করে ড্রেন নির্মাণের অভিযোগে ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল বাতেন নামে এক জনের বিরুদ্ধে বন-আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, নালিতাবাড়ি সীমান্তবর্তী বনাঞ্চলের গারোকোনা-হলদীবাটা এলাকার ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে তার নিজস্ব জমিতে লেবু ও মাল্টার আবাদ করে আসছেন। সম্প্রতি সে বন বিভাগের বেশ কিছু পরিমাণ জমি বেদখল করে সেখানে ড্রেন কাটা শুরু করে বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে বন বিভাগ থেকে তাকে সতর্কও করা হয়। কিন্তু সে বন বিভাগের আদেশ আমলে না নিয়ে জোরপূর্বক শ্রমিক নিয়োগ করে ভেকু দিয়ে পাহাড়ি টিলা ধ্বংস করে ড্রেন কাটা শুরু করে। খবর পেয়ে শেরপুরের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) প্রাণতোষ রায় ঘটনাস্থলে গেলে সেখানে কর্মরত শ্রমিকসহ পালিয়ে যায়। পরে বন বিভাগের কর্মকর্তারা ভেকু মেশিন, কোদালসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে নিয়ে আসে। শেরপুরের এসিএফ জানান, অভিযোগ পেয়ে নিজে সরেজমিনে ঐ এলাকায় গিয়ে মাটিকাটার ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে নিয়ে আসি। তবে অভিযুক্ত বাতেনকে আটক করতে পারেননি। তার বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল বাতেন জানান, ঢলের পানিতে তার লেবু ও মাল্টা বাগান যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই তিনি ভেকু মেশিন দিয়ে ড্রেন কাটা শুরু করেছিলেন। তিনি বন বিভাগের কোনো জমি দখল করেননি।
