হাম ও জ্বরে এক শিশু এবং হূদেরাগে আক্রান্ত হয়ে আরো এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। করোনা আতঙ্কে লাশ দাফন নিয়ে তারা জটলা সৃষ্টি করলে চিকিত্সকদের কথায় শান্ত হন তারা। বুধবার নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম বলেন, ১১ মাস বয়সের সায়েম নামে এক শিশু হাম ও জ্বরে মঙ্গলবার ঢাকায় মারা যায়। বুধবার তার স্বজনরা নেত্রকোনার ঠাকুরাকোনায় খালার বাড়িতে লাশ দাফন করেন।
এ খবর পাওয়ার পরপরই শিশুটি করোনায় মারা গেছে জানিয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এলাকাবাসী। পরে চিকিত্সক শিশুর চিকিত্সাসংক্রান্ত কাগজপত্র দেখে জ্বর ও হামে মারা গেছে জানালে তারা শান্ত হন। অপরদিকে মঙ্গলবার নেত্রকোনা হাসপাতালে হূদ্যন্ত্র বন্ধ হয়ে বাবুল মিয়া (৫২) নামে একজন মারা যায়। চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে ছাড়পত্র প্রদান করেন। রাতেই পূর্বধলার নারানদিয়ায় তার নিজ বাড়িতে নেওয়া হয়। এ সময় একালাবাসী করোনায় মারা গেছে রটিয়ে বাবুল মিয়ার শ্যালক মান্নানের বাড়ি ঘোরাও করে রাখে। পরে সেখানে চিকিত্সক এবং পুলিশ গিয়ে হূদ্যন্ত্রে মারা গেছে জানালে তারা শান্ত হন।
