রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৫

রাণীনগরে শেফালী নামক এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণরাজাপুর গ্রামের মৃত আব্দুস ছামাদের বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূকে যৌতুকের কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তার পরিবারের দাবি।

শেফালীর স্বামী হাইজিত জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে উঠে দেখি শেফালী বাড়ির পাশে টয়লেট সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস দিয়েছে। পরে আমি লাশ নিচে নামিয়ে রেখে পুলিশকে খবর দেই। কি কারণে শেফালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া নিহতের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।